আনিস রায়হান গবেষক, সাংবাদিক ও লেখক। জন্ম ১৯৮৭ সালে, বেড়ে ওঠা খুলনা শহরে। ২০০৯ সাল থেকে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। জ্বালানি খাত সাংবাদিকতায় এক যুগের অভিজ্ঞতা থেকে চলতি দশকে যুক্ত হয়েছেন গবেষণাকর্মে। বর্তমানে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি গবেষণা বিভাগে ‘রিসার্চ ফেলো’ হিসেবে বিদ্যমান জ্বালানিতন্ত্রের সংকট উন্মোচন এবং ন্যায্য জ্বালানিতন্ত্র প্রতিষ্ঠায় আইন ও নীতি বিশ্লেষণে কাজ করছেন। গবেষণার পাশাপাশি তার কাজের আরেকটি মূল ক্ষেত্র সম্পাদনা। বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংবাদমাধ্যম দৃকনিউজ-এ। সংবাদ সম্পাদনার পাশাপাশি রাজনীতি ও গণআন্দোলনসহ বহুমাত্রিক রচনা, নিবন্ধ ও পাণ্ডুলিপি সম্পাদনায়ও সক্রিয় তিনি। ইতিমধ্যে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে বেশ কয়েকজন বর্ষীয়ান রাজনীতিবিদের জীবনী ও রচনাভিত্তিক সংকলন। ইতিহাসের গভীর পাঠ তার আগ্রহ ও চিন্তাচর্চার অন্যতম ভরকেন্দ্র। ভাষা বিকাশের ইতিহাস নিয়ে যেমন তিনি আগ্রহী, তেমনি রাজনীতি ও অর্থনীতির দিক থেকে ইতিহাসে জনগণের ভূমিকা বিশ্লেষণে লেখালেখি করছেন নিয়মিত। জ্বালানি খাত গবেষণায়ও তার প্রধান উপজীব্য ইতিহাসের অন্তর্দৃষ্টি। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘কমিউনিস্ট আন্দোলন মূল্যায়ন’ (২০১৮), ‘অবেলায় ছুটে চলা’ (২০২৩), ‘মুঈদ সুমন রচনা সংকলন’ (২০২৩), ‘মানুষের মতো মানুষ: কামরুদ্দীন আবসার’ (২০২৬), ‘সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন-আট খণ্ড’ (২০২৬) এবং ‘জ্বালানি খাতে আইন প্রয়োগ ও জনস্বার্থ’ (২০২৬)।
Books by the Author
|
|